জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন সম্মত হলেও তেহরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যুদ্ধবিরতি শেষ হয়েছে।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি। তবে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতি শেষ।’
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইরান সফর করেছেন।
অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে সম্ভবত সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
তবে, ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স বলেন, এ বিষয়ে বর্তমানে কোনো নতুন সামরিক কার্যক্রমের তথ্য নেই। যুদ্ধবিরতি শেষ হওয়ায় নতুন করে বিমান হামলা শুরু হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি ভবিষ্যৎ সামরিক অভিযান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং প্রেসিডেন্টের নির্দেশ পেলে প্রয়োজনীয় অভিযান পরিচালনায় প্রস্তুত থাকবে।
এদিকে, কূটনৈতিক তৎপরতা চললেও গেল বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ ইরানের কয়েকটি শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গেল দু’দিনে যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস বন্দরে অন্তত ৩০টি মাছ ধরার নৌকা ধ্বংস হয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলঘাদর সতর্ক করে বলেছেন, দেশটির অবকাঠামোর ওপর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং এই প্রতিক্রিয়া থেকে ইসরায়েলও রেহাই পাবে না।
নাহার/লুৎফর
তথ্য ও ছবি- সিনহুয়া