জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১তম যৌথ কৌশলগত আকাশ টহল সম্পন্ন করেছে চীন ও রাশিয়ার বিমান বাহিনী। শনিবার জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশসীমায় এই টহল পরিচালনা করা হয়। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, এই যৌথ মহড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশের দৃঢ় সংকল্প এবং সক্ষমতার বহিঃপ্রকাশ। দুই দেশের বিমান বাহিনী নিয়মিতভাবে এই ধরনের টহল পরিচালনা করে আসছে, যা তাদের মধ্যকার কৌশলগত সামরিক সহযোগিতার গভীরতাকে নির্দেশ করে।
চীনের গণমুক্তি ফৌজের বিমান বাহিনী প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, এই অপারেশনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বেশ কয়েক ধরনের সামরিক বিমান অংশ নিয়েছে। চীনের পক্ষ থেকে অংশগ্রহণকারী বিমানগুলোর মধ্যে রয়েছে জে-১০সি ফাইটার জেট, স্ট্রাইক প্লেন, রিফুয়েলিং ট্যাঙ্কার, আর্লি-ওয়ার্নিং এবং কন্ট্রোল এয়ারক্রাফট।
বিশ্লেষকদের মতে, এই ধরনের যৌথ মহড়া কেবল সামরিক শক্তি প্রদর্শনের অংশ নয়, বরং সংশ্লিষ্ট অঞ্চলে নজরদারি বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে যৌথভাবে সাড়াদানের সক্ষমতা যাচাই করার একটি নিয়মিত প্রক্রিয়া।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।