পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অবিলম্বে সংঘাতমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে চীন। একই সাথে হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক ও নিরাপদ করার ওপর জোর দেওয়া হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ মাধ্যম জোরদার বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘের স্থায়ী মিশনে চীনের চার্জ ডি'অ্যাফেয়ার্স সুন লেই এই আহ্বান জানান।
তিনি জাতিসংঘ সনদের প্রতি অবিচল থেকে সংলাপ ও আলোচনার মাধ্যমে যেকোনো মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক অস্থিরতা এবং একাধিক সংঘাতে সৃষ্ট উদ্বেগের কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানান চীনা এই কূটনীতিক।
এ সময় তিনি আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য চার দফা প্রস্তাব পেশ করেন।
সূত্র: সিএমজি