দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তাই পিং বলেছেন, ভুয়া তথ্য, বৈষম্যমূলক প্রচারণা এবং উসকানিমূলক বক্তব্য প্রতিরোধ করে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব জোরদার করা জরুরি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি যে মিয়ং-এর বক্তব্যের প্রশংসা করেন।
সম্প্রতি কোরিয়ার একটি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, যেখানে দাবি করা হয়েছিল যে, চীনা নাগরিকরা সিউলের গ্যাংনাম এলাকায় ব্যাপকভাবে অ্যাপার্টমেন্ট কিনেছেন। পরে যাচাইয়ে সেই তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট গণমাধ্যম ক্ষমা চায়।
রাষ্ট্রদূত তাই বলেন, কিছু গণমাধ্যম দর্শক আকর্ষণ বা রাজনৈতিক উদ্দেশ্যে চীন ও চীনা নাগরিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, বাকস্বাধীনতা মানে গুজব ছড়ানোর স্বাধীনতা নয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ইতোমধ্যে মূল প্রতিবেদনটি সরিয়ে নিয়ে সরকারি তথ্যের ভিত্তিতে সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিজিটিএন