জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক: কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলের সদস্যদের প্রতি বিপ্লবী ঐতিহ্য সমুন্নত রাখা এবং নতুন যাত্রায় সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং।
সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০২ বছর বয়সী প্রবীণ দলীয় সদস্য চাং লিয়ানশেংকে লেখা এক চিঠিতে সি চিন পিং এই আহ্বান জানান। চিঠিতে তিনি চাং এবং সারা দেশের প্রবীণ দলীয় সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
চিঠিতে চাং লিয়ানশেং-এর জীবনের সংগ্রামের প্রশংসা করে প্রেসিডেন্ট সি বলেন, প্রায় আট দশক আগে ‘যুদ্ধ’ চলাকালীন চাং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ‘চতুর্থ ব্রিগেড’-এর একজন রেডিও অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তিনি উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে যুদ্ধের অগ্নিপরীক্ষার মধ্যেও পার্টি কেন্দ্রীয় কমিটির অনুগত থেকে দায়িত্ব পালন করেন। সারাজীবন কঠোর পরিশ্রমের মাধ্যমে যোগাযোগ প্রযুক্তিতে অবদান রাখা চাং আজও পার্টি ও দেশের কল্যাণে গভীর আগ্রহ পোষণ করেন।
প্রেসিডেন্ট সি তার চিঠিতে লেখেন, “আমি আপনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”
সি চিন পিং দলের সকল সদস্যকে তাদের মূল উদ্দেশ্য ও আদর্শের কথা মনে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সকল সদস্যকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে এবং নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন থাকতে হবে।”
যুদ্ধের সময় ‘চতুর্থ ব্রিগেড’ মূলত সিনহুয়া সংবাদ সংস্থার একটি ওয়ার্কিং টিম হিসেবে কাজ করত। তারা মাও সে তুং ও পার্টি কেন্দ্রীয় কমিটির সাথে শায়ানসি প্রদেশে অবস্থান করে সংবাদ সংগ্রহ ও প্রচারের পাশাপাশি গুরুত্বপূর্ণ লিয়াজোঁ বা যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করত।
জেনিফার/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন