চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯ মে ২০২৬ সন্ধ্যায় বিশেষ বিমানযোগে বেইজিংয়ে পৌঁছে তাঁর রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। এটি হলো তাঁর ২৫তম চীন সফর। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছেন।
সফরকালে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। পুতিনের এবারের সফর সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট সি ও প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত নেতৃত্বে, নতুন যুগে চীন-রুশ সার্বিক কৌশলগত সমন্বয়মূলক অংশীদারি সম্পর্ক সুস্থ, স্থিতিশীল ও গভীরভাবে বিকশিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে, যা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে আনছে এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চলতি বছর চীন-রুশ কৌশলগত সমন্বয়মূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী, “চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ বন্ধুপ্রতিম সহযোগিতামূলক চুক্তি” স্বাক্ষরের ২৫তম বার্ষিকী এবং “চীন-রাশিয়া শিক্ষা বর্ষের” সূচনা বছর। উভয় পক্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে অব্যাহতভাবে চীন-রুশ সম্পর্ককে আরও গভীর পর্যায়ে ও আরও উচ্চমানে উন্নীত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে থাকবে। যাতে বিশ্বের জন্য আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগানো যায়।
(প্রেমা/তৌহিদ/ছাই)