ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের মধ্যাঞ্চল। শুষ্ক আবহাওয়া আর তীব্র গরমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রাণপণে লড়ছে দমকলকর্মীরা। দেশটির আভিলা প্রদেশে ভয়াবহ রূপ নেওয়া দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫০ হাজার হেক্টর বনভূমি। একে স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বলা হচ্ছে।
স্পেনের তৃতীয় উপ-প্রধানমন্ত্রী ও পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী সারা আগেসেন জানিয়েছেন, মাদ্রিদ অঞ্চল এবং আভিলা ও তোলেদো প্রদেশে দাবানলে এখন পর্যন্ত ৭৭ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই তিন অঞ্চলের ৪৬টি পৌরসভায় প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পূর্বাঞ্চলের কাস্তেয়োন প্রদেশের আরেকটি দাবানলে ১৮টি পৌরসভার ১৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে শত শত দমকলকর্মী, স্পেনের সামরিক জরুরি ইউনিট, অগ্নিনির্বাপণ বিমান এবং হেলিকপ্টার।
এদিকে, রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও আগুন পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আসছে। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়াও দুর্গত এলাকা সফর করে উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
সূত্র: সিএমজি