আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে তানজানিয়ার শিশুদের পাশে দাঁড়িয়েছে চীনের একটি বিশেষ চিকিৎসক দল। মূল ভূখণ্ড তানজানিয়ায় নিয়োজিত ২৮তম চীনা মেডিকেল টিম দেশটির দার এস সালাম শহরের একটি স্কুলে এক ব্যতিক্রমী বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। সোমবারের এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও জরুরি প্রাথমিক চিকিৎসার সুযোগ পান।
চীনা মেডিকেল টিমের প্রধান লিউ চিয়া জানান, চীনের বিখ্যাত ‘১০০০ গ্রামে ১০০ মেডিকেল টিম’ কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। এতে হৃদরোগ (কার্ডিয়াক সার্জারি), নিউরোসার্জারি, শিশু রোগ (পেডিয়াট্রিক্স), অ্যানেস্থেসিওলজি, অর্থোপেডিক্স এবং নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষককে সরাসরি চিকিৎসাসেবা দেওয়া হয়।
কেবল চিকিৎসা দিয়েই থেমে থাকেনি এই দল। আকস্মিক কোনো দুর্ঘটনায় জীবন বাঁচাতে করণীয় ‘কার্ডিওপালমোনারি রিসাসিটেশন’ এবং শ্বাসরোধ হওয়া ঠেকাতে ‘হেইমলিচ ম্যানুভার’-এর মতো জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষক-শিক্ষার্থীদের। সেইসঙ্গে ইবোলা ভাইরাসের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়েও সচেতনতা ছড়ান চিকিৎসকরা।
স্কুলের প্রধানশিক্ষক জামালদিনি হাসান মোহাম্মদ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক শিশু দিবসে আমাদের শিক্ষার্থীদের জন্য এটি ছিল অত্যন্ত মূল্যবান ও বিশেষ একটি উপহার। চীনা মেডিকেল টিম কেবল চিকিৎসাসেবা দিয়েই দায়িত্ব শেষ করেনি, বরং ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা এবং রোগ প্রতিরোধের মতো অত্যন্ত জরুরি জ্ঞান আমাদের শিখিয়েছে। এটি শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে দারুণ ভূমিকা রাখবে।
তানজানিয়ার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে চীনা মেডিকেল টিমের দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, আগামীতেও যেন এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকে।
মেডিকেল টিমের প্রধান লিউ চিয়া বলেন, চীন ও তানজানিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিক। স্থানীয় শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা চীনা চিকিৎসকদের একটি বড় দায়িত্ব। আগামী দিনগুলোতেও এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন, জনস্বাস্থ্য শিক্ষা ও সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে, যা দুই দেশের মানুষের মধ্যকার গভীর বন্ধুত্বের সেতুকে আরও মজবুত করবে।
সূত্র: সিএমজি