চীনের তাইওয়ানে শান্তি, উন্নয়ন, বিনিময় ও সহযোগিতার পক্ষে মূলধারার জনমত দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান। বুধবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
চাং হান বলেন, সম্প্রতি তাইওয়ানভিত্তিক ‘ডেমোক্রেসি ফাউন্ডেশন’ পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী মূল ভূখণ্ডের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার পক্ষে মত দিয়েছেন। এ ছাড়া প্রায় ৭০ শতাংশ মানুষ দুই পক্ষের সম্পর্ক উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন।
এই জরিপের ফলাফলকে উল্লেখ করে চাং হান বলেন, এটি আবারও প্রমাণ করে যে তাইওয়ান প্রণালীর দুই পাশে বসবাসকারী জনগণ শান্তি ও স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন চান।
তিনি আরও বলেন, তাইওয়ানের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম ক্রমশ বুঝতে পারছে যে, দ্বীপটির উন্নয়ন ও জনগণের কল্যাণ মূল ভূখণ্ডের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক, জাতীয় পুনরেকত্রীকরণ এবং চীনা জাতির পুনর্জাগরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
সূত্র: সিএমজি