জুন ৩০: আন্তর্জাতিক সমাজের প্রতি, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দমনে সহযোগিতা জোরদার করতে এবং নতুন প্রযুক্তি দিয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল (সোমবার) জাতিসংঘের চতুর্থ সন্ত্রাসবাদ দমন-সম্পর্কিত উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মহাসচিব বলেন, অনেক দেশের অভ্যন্তরে বিদেশিদের প্রতি বিদ্বেষ, জাতিগত বৈষম্য এবং চরমপন্থী সহিংসতার বয়ান ছড়িয়ে পড়ছে, যা এক নতুন ও মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করছে। সন্ত্রাসী সংগঠনগুলো দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে এবং অর্থ ও অস্ত্রের প্রবাহকে ত্বরান্বিত করতে, আন্তর্জাতিক অপরাধী চক্রকে কাজে লাগাচ্ছে।
তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের চারটি অগ্রাধিকারমূলক কাজ উল্লেখ করেন: প্রথমত, সমস্যার মূল থেকে সমাধান করতে হবে; দ্বিতীয়ত, দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে; তৃতীয়ত, নতুন প্রযুক্তি দিয়ে সন্ত্রাসী হুমকির প্রাথমিক শনাক্তকরণ, অবৈধ সম্পদের প্রবাহ বন্ধ করা ও সন্ত্রাসীদের চরমপন্থায় দীক্ষিত হওয়ার বিবর্তনমূলক পথ সম্পর্কে গভীর ধারণা লাভ করতে হবে; চতুর্থত, সন্ত্রাসবাদ দমন অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের ওপর ভিত্তি করে হতে হবে।
উল্লেখ্য, সম্মেলনে ‘জাতিসংঘের বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমন কৌশল’ পর্যালোচনা করা হয়।
সূত্র: সিএমজি বাংলা