চীনের সঙ্গে কৌশলগত সমন্বয় ও পারস্পরিক আস্থা আরও গভীর এবং সামরিক বাহিনীর বিনিময় ও সহযোগিতা জোরদারে থাইল্যান্ড আগ্রহী। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় আনুতিন বলেন, ‘থাইল্যান্ড দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং বাইরের চাপ ও হস্তক্ষেপের কারণে এ অবস্থান পরিবর্তন করবে না।’
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত নিরসনে চীনের ইতিবাচক ও গঠনমূলক মধ্যস্থতার জন্যও চীনকে ধন্যবাদ জানান থাই প্রধানমন্ত্রী।
দু’দেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার কথা স্মরণ করে চীনা প্রতিরক্ষামন্ত্রী তোং চুন বলেন, ‘আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে থাইল্যান্ডকে চীন সবসময় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে।’
এ বাস্তবতায় চীন ক্রমবর্ধমান কৌশলগত সমন্বয় গড়ে তুলতে থাইল্যান্ডের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী তোং চুন।
সূত্র: সিএমজি