মার্কিন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) স্কট বেসেন্ট গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন যে, মার্কিন অর্থ মন্ত্রণালয় সমুদ্রপথে রাশিয়ার তেল চালানের ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বেসেন্ট বলেন, অর্থ মন্ত্রণালয় ৩০ দিনের জন্য একটি অস্থায়ী সাধারণ অনুমোদন জারি করছে।
অর্থ মন্ত্রণালয়ের 'অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল' বা ওএফএসি-এর পরবর্তী এক ঘোষণা অনুযায়ী, সমুদ্রপথে রাশিয়ার তেল চালানের ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ ইস্টার্ন টাইম (ইটি) অনুযায়ী ১৭ জুন পর্যন্ত বাড়ানো হবে।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়া এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর, ওএফএসি ১২ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম পণ্যের বিক্রয়, সরবরাহ এবং খালাস সংক্রান্ত লেনদেনের অনুমোদন দিয়েছিল। পরে এই ছাড়ের মেয়াদ ১৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর আগে, যুক্তরাষ্ট্র প্রাসঙ্গিক অভ্যন্তরীণ আইন বা নির্বাহী আদেশের ভিত্তিতে এ ধরনের লেনদেন নিষিদ্ধ করেছিল।
(রুবি/তৌহিদ/লাবণ্য)