চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার বেইজিংয়ে, জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থী ও চিলির সাবেক প্রেসিডেন্ট ভেরোনিকা মিশেল ব্যাচেলেট জেরিয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীন অব্যাহতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে মিলে, জাতিসংঘকে সমুন্নত রাখতে, পুনরুজ্জীবিত করতে, এবং শক্তিশালী করতে কাজ করে যাবে।
ওয়াং ই বলেন, চীন বরাবরই জাতিসংঘের একজন দৃঢ় সমর্থক ও সক্রিয় সদস্য। আশা করা যায়, জাতিসংঘ সংস্কারের মাধ্যমে নিজেকে পুনরুজ্জীবিত করবে, তার কার্যক্ষমতা বৃদ্ধি করবে, এবং আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। চীন পরবর্তী মহাসচিব নির্বাচনে দায়িত্বশীল ও গঠনমূলকভাবে অংশগ্রহণ করবে এবং জাতিসংঘকে কর্তৃত্ব ও প্রাণশক্তি পুনরুজ্জীবিত করতে, নতুন পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে এবং নতুন চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম করে তুলতে কাজ করবে।
এ সময় আন্তর্জাতিক পরিস্থিতি ও জাতিসংঘের ভূমিকা বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে বাশেল। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সমাজের একসঙ্গে কাজ করার জন্য জাতিসংঘ একটি অপরিহার্য মঞ্চ। জাতিসংঘের উচিত, সংস্কারের মাধ্যমে মূল লক্ষ্য ও নীতিতে ফিরে আসা; সনদের কর্তৃত্ব সমুন্নত রাখা; কর্মের ওপর মনোযোগ দেওয়া; এবং শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের তিনটি স্তম্ভকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এতে ঝুঁকি ও প্রতিবন্ধকতাগুলোকে সময়মতো আরও ভালোভাবে মোকাবিলা করা যাবে।
সিএমজি