গত ১৪ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনায়, দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কৌশলগত দিক্-নির্দেশনা পাওয়া গেছে। গতকাল (শনিবার) বেইজিংয়ে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র, এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফলের জন্য চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সামনে এগিয়ে চলছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট সি চিন পিং। বস্তুত, দু’দেশের অর্থনীতি ও বাণিজ্য প্রতিনিধিদল ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল অর্জন করেছে, যা উভয় দেশের জনগণ, এমনকি বিশ্বের জন্য সুসংবাদ। কষ্টার্জিত এই ইতিবাচক পরিস্থিতি বজায় রাখতে দু’দেশের একসঙ্গে প্রচেষ্টা চালানো উচিত।
মুখপাত্র আরও জানান, গত ১৩ মে চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বাণিজ্য প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যবিষয়ক আলোচনা করে, দু’দেশের নেতৃবৃন্দের বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়ায় জন্য। এই আলোচনার প্রক্রিয়ায়, উভয় পক্ষ দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতি মেনে, পারস্পরিক উদ্বেগের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যা সমাধান এবং বাস্তবসম্মত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে খোলামেলা, গভীর ও গঠনমূলক মতবিনিময় করে। এরপরে উভয় পক্ষ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছায়:
প্রথমত, উভয় পক্ষ পূর্বে আলোচনার ফলাফল বাস্তবায়ন করবে এবং সংশ্লিষ্ট শুল্ক ব্যবস্থার বিষয়ে ইতিবাচক ঐকমত্যে পৌঁছাবে;
দ্বিতীয়ত, দু’পক্ষ বাণিজ্য পরিষদ ও বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়। বাণিজ্য পরিষদের মাধ্যমে উভয় পক্ষ সংশ্লিষ্ট পণ্যের শুল্ক হ্রাসের মতো বিষয়ে আলোচনা করবে;
তৃতীয়ত, উভয় পক্ষ কৃষিপণ্য-সম্পর্কিত অশুল্ক বাধা এবং বাজার প্রবেশাধিকার সংক্রান্ত সমস্যার সমাধান করবে। দুগ্ধজাত ও জলজ পণ্যের স্বয়ংক্রিয় আটক, যুক্তরাষ্ট্রে টবে লাগানো গাছের রপ্তানি, এবং শানতোংকে বার্ড ফ্লু-মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণার বিষয়ে চীনের দীর্ঘদিনের উদ্বেগ সমাধানে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করবে। মার্কিন গরুর মাংসজাত পণ্যের নিবন্ধন, একাধিক স্টেটের চীনা হাঁসমুর্গি রপ্তানির বিষয়ে চীনও ইতিবাচকভাবে কাজ করবে;
চতুর্থত, নির্দিষ্ট আকারের পণ্যে পারস্পরিক শুল্ক কমাতে একমত হয় দু’পক্ষ, যা কৃষি-পণ্যসহ বিভিন্ন খাতে পণ্যের দ্বিমূখী বাণিজ্যকে প্রচারিত করে;
পঞ্চমত, দুই পক্ষ যুক্তরাষ্ট্র থেকে চীনের বিমান ক্রয় এবং চীনে বিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ সরবরাহের বিষয়ে ঐকমত্য অর্জন করে, এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে সহযোগিতা চালাতে সম্মত হয়। (অনুপমা/আলিম/শিশির)