মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের পিংথান সমন্বিত পরীক্ষামূলক এলাকায় মঙ্গলবার শুরু হয়েছে তাইওয়ান প্রণালীর দুই তীরের এক বিশেষ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দুই তীরের অভিন্ন ঐতিহ্য এবং সমন্বিত উন্নয়নের চিত্র তুলে ধরা।
অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির ভাইস চেয়ারপারসন সু হুই বলেন, ‘তাইওয়ানের বাসিন্দাসহ সকল নৃগোষ্ঠীর মানুষ হাজার হাজার বছরের ইতিহাসের মধ্য দিয়ে সম্মিলিতভাবে এই বিশাল চীনকে গড়ে তুলেছেন। তিনি নিজের চীনা পরিচয় নিয়ে গর্ববোধ এবং চীনা সংস্কৃতি ও মাতৃভূমির প্রতি একাত্মবোধ আরও দৃঢ় করার ওপর জোর দেন।
অন্যদিকে, তাইওয়ানের চীনা কুওমিনতাং পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান সেং ইয়ুং ছুয়ান তার বক্তব্যে বলেন, ১৯৯২ সালের ঐকমত্যের ভিত্তিতে দুই তীরের মধ্যে বিভিন্ন খাতে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানো উচিত। এর মাধ্যমেই ভুল বোঝাবুঝি দূর করা এবং পারস্পরিক মতপার্থক্য কমিয়ে আনা সম্ভব।
দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দুই তীরের প্রায় ৩০০ প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন। অনুষ্ঠানের পাশাপাশি সামুদ্রিক সংস্কৃতির ওপর একটি প্রদর্শনী এবং গোলটেবিল বৈঠকেরও আয়োজন করা হয়েছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি