বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সরবরাহ ব্যবস্থার বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উন্নয়নশীল বিশ্বের সঙ্গে সহযোগিতা আরও গভীর করছে হংকং। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের অর্থমন্ত্রী পল চ্যান রোববার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ‘বৈশ্বিক দক্ষিণের’ সঙ্গে হংকংয়ের সহযোগিতা এখন আরও গভীর ও অর্থবহ হচ্ছে। এ সহযোগিতা শুধু পুঁজি ও জনশক্তির আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উদ্ভাবন, প্রযুক্তি ও শিল্প প্রকল্পের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের দিকেও প্রসারিত হচ্ছে।
নিজের ব্লগে চ্যান উল্লেখ করেন, ২০২৬ সালের প্রথম নয় মাসে হংকংয়ের শেয়ারবাজারে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ২৭২ দশমিক ৯ বিলিয়ন হংকং ডলারে, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারও এ সময়ে সক্রিয় ছিল। প্রথম নয় মাসে ১১৬টি কোম্পানি হংকংয়ে তালিকাভুক্ত হয়ে ৩৮৮ বিলিয়ন হংকং ডলারেরও বেশি পুঁজি সংগ্রহ করেছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ২০২৫ সালের পুরো বছরে সংগ্রহ করা পুঁজির পরিমাণকেও ছাড়িয়ে গেছে।
তবে মার্কিন দীর্ঘমেয়াদি বন্ডের আয়ের হার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে সম্প্রতি স্থানীয় বাজারের মনোভাবে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।
চ্যান বলেন, স্বল্পমেয়াদি এসব ওঠানামা সত্ত্বেও বিশ্বব্যাপী সম্পদ ও সরবরাহ শৃঙ্খল পুনর্গঠনের ধারা অব্যাহত রয়েছে।
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে গত সপ্তাহে দোহা সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বিশ্বনেতা ও ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে ব্যাপক আলোচনার মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক দক্ষিণের সঙ্গে হংকংয়ের সহযোগিতা ক্রমশ গভীর ও বাস্তবমুখী হচ্ছে।
সূত্র: সিএমজি