যুদ্ধ-সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়ার দক্ষতা বাড়াতে মরুভূমিতে লাইভ-ফায়ার মহড়া চালিয়েছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) ৭৫তম গ্রুপ আর্মির একটি ব্রিগেড।
মহড়ায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দ্রুত নির্ধারিত এলাকায় অবস্থান নেয়। পরে শত্রু ড্রোনের অনুকরণে তৈরি লক্ষ্যবস্তু দিয়ে হামলার পরিস্থিতি তৈরি করা হয়। সেনারা ইলেকট্রো-অপটিক্যাল ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করার পাশাপাশি গোলাবর্ষণের মাধ্যমে এসব লক্ষ্যবস্তু ধ্বংস করে।
এরপর অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে সেনারা দ্রুত সরঞ্জাম নিয়ে নতুন এলাকায় গিয়ে আবারও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। একই সঙ্গে রাডার নেটওয়ার্ক চালু করে আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত ও নজরদারির অনুশীলন করা হয়।
দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত চলা এ মহড়ায় বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত অবস্থান পরিবর্তন এবং দীর্ঘ সময় যুদ্ধ প্রস্তুতি ধরে রাখার প্রশিক্ষণ দেওয়া হয়।
সেনা সদস্য হ্য ছিং জানান, জটিল মরুভূমি পরিবেশে দিন ও রাতের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে সেনাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া, গতিশীলভাবে অভিযান পরিচালনা এবং যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার সক্ষমতা বাড়ানো হচ্ছে।
সূত্র: সিএমজি