জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক : চীন সীমান্ত-পার বিনিয়োগ ও অর্থায়ন আরও সহজ করতে মূলধন হিসাব উন্মুক্তকরণে নতুন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার উপ-গভর্নর এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জের প্রধান চু হ্যসিন।
বুধবার শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ লুচিয়াচুই ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের মূলধন হিসাব উন্মুক্তকরণ নীতিমালা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে এবং তা সীমান্ত-পার মূলধন প্রবাহের দ্বিমুখী প্রবৃদ্ধি ও কাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।
চু জানান, গত বছর ঘোষিত নীতিগুলোর পাশাপাশি নতুন একটি পদক্ষেপের প্যাকেজ চালু করা হবে, যা সীমান্ত-পার বিনিয়োগ ও অর্থায়নকে আরও সহজ করবে এবং নীতিগত সমন্বয়কে শক্তিশালী করবে।
তিনি বলেন, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) সংশ্লিষ্ট সীমান্ত-পার মূলধন প্রবাহের নীতিমালায় ব্যাপক সংস্কার আনা হবে। এর ফলে চীনে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান আরও বেশি সুবিধা পাবে।
এছাড়া বিদেশে বিনিয়োগ এবং বৈদেশিক ঋণসংক্রান্ত বৈদেশিক মুদ্রা নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ করা হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রায় ঋণ প্রদানের নীতিমালাও উন্নত করা হবে বলে জানান তিনি।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া