চীনের টেলিকম খাতকে ক্রমান্বয়ে আরও উন্মুক্ত করার নীতি অনুসরণ করছে দেশটির সরকার। এর অংশ হিসেবে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম ধাপের অনুমোদনের পর থেকে এ পর্যন্ত মোট ১৬৬টি বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
অনুমোদনপ্রাপ্ত এই বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন থেকে বৈধভাবে সমগ্র চীনজুড়ে বিভিন্ন ভ্যালু-এডেড টেলিকম সেবা দিতে পারবে। এর মধ্যে ইন্টারনেট ডাটা সেন্টার সার্ভিস, ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস এবং ইনফরমেশন সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের দেওয়া প্রতিশ্রুতি, মুক্ত বাণিজ্য অঞ্চলের নিয়মকানুন এবং সেবা খাতকে আরও উন্মুক্ত করার বিদ্যমান নীতিমালার ওপর ভিত্তি করেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক উচ্চ-মানের অর্থনৈতিক ও বাণিজ্য নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়টি বেইজিং, শাংহাই, হাইনান এবং শেনচেন—এই চার অঞ্চলে পরীক্ষামূলক কার্যক্রম (ট্রায়াল) শুরু করেছে।
মন্ত্রণালয় বলছে, বর্তমানে ৩ হাজার ১০০-এরও বেশি বিদেশি বিনিয়োগপুষ্ট টেলিকম প্রতিষ্ঠান চীনজুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই উদ্যোগের ফলে চীনের সাধারণ ভোক্তারা উন্নত টেলিকম সেবা ও পণ্য পাবেন, যা দেশের বাজারকে আরও উন্মুক্ত, প্রতিযোগিতাপূর্ণ ও গতিশীল করে তুলবে।
সিএমজি