জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও তার নির্বাচনী দলের সঙ্গে জড়িত একটি কুৎসামূলক ভিডিও কেলেঙ্কারি নিয়ে সংসদে পুনরায় বিস্তারিত আলোচনার দাবি উঠেছে। বুধবার জাপানের পাঁচটি প্রধান বিরোধী দল এ দাবি তোলে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, তাকাইচির এক সচিব নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লক্ষ্য করে মানহানিকর ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার কাজে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
জিজি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলো সংশ্লিষ্ট সচিবকে শপথবিহীন সাক্ষী হিসেবে আইনপ্রণেতাদের সামনে হাজির করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা হাউজ অব রিপ্রেজেন্টিটিভের বাজেট কমিটিতে এ কেলেঙ্কারি নিয়ে নিবিড় আলোচনার আয়োজন এবং জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে এ বিষয়ে একটি বিতর্ক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।
এই পাঁচটি বিরোধী দল হলো- সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স, ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল, সানসেইতো, জাপানিজ কমিউনিস্ট পার্টি এবং টিম মিরাই।
প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দলগুলোর এসব দাবি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির পার্লামেন্টারি অ্যাফেয়ার্স প্রধান হিরোশি কাজিইয়ামার কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সিএমজি বাংলা