জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, চীনে পরিচালিত তাদের ‘কমিউনিটি ক্রীড়া ও স্বাস্থ্য সহযোগিতা উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে ২০২৮ সালের শেষ নাগাদ ১০ কোটি চীনার কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার আইওসি এক বিবৃতিতে জানায়, ২৩ জুন পালিতব্য অলিম্পিক দিবসকে সামনে রেখে চীনের ৩২টি কমিউনিটি ক্রীড়া ও স্বাস্থ্যকেন্দ্র সব বয়সী মানুষের জন্য বিভিন্ন ক্রীড়া সুবিধা ও কার্যক্রম পরিচালনা করছে।
আইওসি বলেছে, কর্মসূচিটি চীনের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। বর্তমানে দেশটিতে ৩৭.২ শতাংশ মানুষ নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নেন। ২০২৬ সালের জানুয়ারিতে চালু হওয়া এ উদ্যোগের আওতায় ডিজিটাল প্রচারাভিযান এবং সরাসরি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষকে খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করা হচ্ছে।
চীনের ক্রীড়া-বিজ্ঞান সংস্থার সহযোগিতায় স্বাস্থ্যসম্মত ক্রীড়া ও শারীরিক কার্যক্রমে মানুষের প্রবেশাধিকার বাড়াতে এবং আরও সক্রিয় ও সুস্থ সমাজ গড়ে তুলতে কাজ করছে আইওসি।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া।