Sunday, November 29, 2026
Live
নির্বাচিত খবর
Verified
৩ মিনিটে পড়া যাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষায় একই কক্ষে ৫০ শিক্ষার্থীই ফেল

ফল পুনর্নিরীক্ষণের দাবি শিক্ষার্থীদের

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষায় একই কক্ষে ৫০ শিক্ষার্থীই ফেল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষায় একই কক্ষে ৫০ শিক্ষার্থীই ফেল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় একই কক্ষে বসে একই বিষয়ে পরীক্ষা দেওয়া ৫০ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। রাজশাহী কলেজের দর্শন বিভাগের এসব শিক্ষার্থী রাজশাহী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রকাশের পর এমন ঘটনা সামনে আসায় উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

শিক্ষার্থীদের দাবি, তাঁদের পরীক্ষা ভালো হয়েছিল। কিন্তু ফলাফলে দর্শন বিভাগের মনোদর্শন (কোর্স কোড: ২৪১৭১১) বিষয়ে সবাই ফেল করেছেন। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করেও এখন পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় উচ্চশিক্ষা ও কর্মজীবনের পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী মহিলা কলেজ কেন্দ্রের ৩০৯ নম্বর কক্ষে মোট ৫০ জন পরীক্ষার্থী একসঙ্গে মনোদর্শন বিষয়ে পরীক্ষা দেন। ফল প্রকাশের পর দেখা যায়, ওই কক্ষের একজন শিক্ষার্থীও বিষয়টিতে উত্তীর্ণ হতে পারেননি। একই কক্ষে অংশ নেওয়া সবার একই বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করছেন তাঁরা।

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুমা আক্তার বলেন, পরীক্ষায় কোনো শিক্ষার্থীর ফল খারাপ হতে পারে। কিন্তু একই কক্ষে পরীক্ষা দেওয়া ৫০ জনের সবাই একটি বিষয়ে অকৃতকার্য হওয়া স্বাভাবিক বলে মনে হচ্ছে না। বিষয়টি পুনরায় যাচাই করা প্রয়োজন। ফল প্রকাশের পর তাঁরা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

আরেক শিক্ষার্থী রায়হান জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় পর্যায়ে যোগাযোগের পর সম্ভাব্য ভুলের বিষয়টি সামনে আসে। পরে রাজশাহী কলেজের অধ্যক্ষ ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান পৃথকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে এখনো কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

নাঈম নামের এক শিক্ষার্থী বলেন, চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করে অনেকেই উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু একটি বিষয়ের ফল নিয়ে এমন পরিস্থিতিতে পড়ায় তাঁদের শিক্ষাজীবন এক বছর পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এত বড় একটি সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, ফলাফল পুনর্নিরীক্ষণ ও সংশোধনের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত।

রাজশাহী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলারের কাছেও পাঠানো হয়েছে। সেখান থেকে ফলাফল বা সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো সম্ভব হবে। তবে কবে নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, শিক্ষার্থীদের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। ফলাফল চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের আবেদনও করা হয়েছে। এ বিষয়ে কলেজের আলাদাভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।

এদিকে দীর্ঘদিনেও ফল পুনর্নিরীক্ষণের বিষয়ে সিদ্ধান্ত না আসায় উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। তাঁদের আশঙ্কা, উত্তরপত্র মূল্যায়ন কিংবা ফলাফল প্রস্তুতের কোনো পর্যায়ে ত্রুটি হয়ে থাকতে পারে। তাই ৫০ শিক্ষার্থীর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করে দ্রুত সংশোধিত ফল প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.