গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়সিট গ্রামের দিনমজুর বাবুল শেখ। বয়স ৫৫ বছর। অন্যের জমিতে কৃষিকাজ করে যা উপার্জন করেন, তা দিয়েই চলে সংসার। কিন্তু সীমিত আয়ের মধ্যেও মানুষের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের উপার্জনের টাকা জমিয়ে বিভিন্ন সড়কের পাশে নির্মাণ করেছেন ১১টি যাত্রীছাউনি ও একটি শৌচাগার। শুধু নির্মাণ করেই ক্ষান্ত হননি, নিয়মিত নিজ হাতে সেগুলো পরিষ্কার ও রক্ষণাবেক্ষণও করছেন।
২০২৪ সালে একটি মানবিক দৃশ্য থেকেই বাবুলের এই উদ্যোগের সূচনা। একদিন কাপাসিয়া-জয়দেবপুর সড়কের পাশে একটি শৌচাগারের কাছে ছোট সন্তানদের নিয়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুই নারীকে দেখতে পান তিনি। তাদের সঙ্গে ছিল ব্যাগপত্র। হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয়হীন অবস্থায় তাদের দুর্ভোগ বাবুলকে ভাবিয়ে তোলে। যাত্রীদের বসার এবং রোদ-বৃষ্টি থেকে বাঁচার কোনো ব্যবস্থা করা যায় কি না, সেই চিন্তা থেকেই প্রথম যাত্রীছাউনি নির্মাণ করেন তিনি। এর দুই মাসের মধ্যে একই স্থানে আরও একটি ছাউনি তৈরি করেন। ২০২৫ সালের শুরুতে সেখানে নির্মাণ করেন একটি শৌচাগার।
এরপর থেকে নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সড়কের পাশে যাত্রীছাউনি নির্মাণ অব্যাহত রেখেছেন বাবুল। বর্তমানে কাপাসিয়া-জয়দেবপুর সড়কে আটটি, কাপাসিয়া-কালীগঞ্জ সড়কে একটি এবং পাতলা-বড়সিট সড়কে দুটি ছাউনি রয়েছে। সব মিলিয়ে তার নির্মিত যাত্রীছাউনির সংখ্যা ১১টি। এর মধ্যে চারটি নির্মিত হয়েছে ২০২৫ সালে এবং বাকি ছাউনিগুলো চলতি বছরে।
বাঁশ, কাঠ, মোটা পলিথিন ও দড়ি দিয়ে তৈরি এসব যাত্রীছাউনি। আকারভেদে প্রতিটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং প্রস্থ পাঁচ ফুট। কোনো ছাউনিতে একটি, আবার কোনোটিতে রয়েছে চার থেকে পাঁচটি বসার বেঞ্চ। বেঞ্চ তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশের ফালি ও কাঠের তক্তা। ছাউনির ওপরে বাঁশের চাটাই বিছিয়ে মোটা পলিথিন দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা বৃষ্টি ও রোদের হাত থেকে কিছুটা হলেও সুরক্ষা পান।
যাত্রীছাউনির পাশাপাশি উপজেলার পাতলা মোড়ে সড়কের পাশে একটি শৌচাগারও নির্মাণ করেছেন বাবুল। টিন, বাঁশ ও তৈরি কংক্রিটের প্যানেলসহ বিভিন্ন উপকরণ দিয়ে এটি তৈরি করতে তার ব্যয় হয়েছে আনুমানিক সাড়ে ১৩ হাজার টাকা। নিজেই গর্ত খুঁড়ে সেপটিক ট্যাংকসহ প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। শৌচাগারে পানির স্থায়ী ব্যবস্থা না থাকায় বোতলে পানি ভরে রাখেন। প্রতিদিন নিজেই পানি সরবরাহ করেন এবং শৌচাগার পরিষ্কার করেন।
নিজের উদ্যোগের খরচ সম্পর্কে বাবুল শেখ জানান, এসব কাজের অধিকাংশ অর্থই এসেছে তার দিনমজুরির আয় থেকে। তবে কয়েকজন ব্যক্তি ছোটখাটো সহযোগিতাও করেছেন। একটি ছোট যাত্রীছাউনি নির্মাণে খরচ হয় দেড় থেকে দুই হাজার টাকা। তুলনামূলক বড় ছাউনিতে ব্যয় হয় তিন থেকে পাঁচ হাজার টাকা। সবচেয়ে বড় ছাউনিটি নির্মাণে তার খরচ হয়েছে সাড়ে চার হাজার টাকা।
বাবুল শেখ বলেন, ‘বাথরুমের পাশে কিছু পানির বোতল রাখছি। এগুলো থেকে মানুষ পানি ব্যবহার করে। প্রতিদিন আমি নিজেই পানি ভরে রাখি। আবার নিজেই টয়লেট ওয়াশ করি। আমার কাজে মানুষ দুনিয়াতে যদি কিছু সামান্য উপকার পায়, এর বিনিময়ে আল্লাহ যদি আমারে আখেরাতে কিছু দেন, এইটাই আমার পাওনা।’
বাবুলের ছেলে মো. ইউসুফ জানান, রাস্তার কোথাও ভাঙাচোরা বা সমস্যা দেখলে তার বাবা কোদাল নিয়ে নিজেই মেরামতের কাজে নেমে পড়েন। মানুষের জন্য কাজ করতেই তিনি আনন্দ পান। কোনো প্রতিদানের আশায় এসব করেন না। বাবার মানবিক কাজের প্রশংসা শুনলে তিনিও গর্ববোধ করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শুধু যাত্রীছাউনি ও শৌচাগার নির্মাণই নয়, বিভিন্ন সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কারেও সময় দেন বাবুল। সহজ-সরল স্বভাবের এই মানুষ কারও সঙ্গে বিবাদে জড়ান না। নিজের ইচ্ছা ও অবসর অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যান।
বাবুল শেখের এমন উদ্যোগের প্রশংসা করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। তিনি বলেন, ‘তার কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাকে সহযোগিতা করার প্রচেষ্টা থাকবে। তাকে উৎসাহিত করা দরকার।’
সীমিত সামর্থ্য নিয়েও মানুষের জন্য বাবুল শেখের এই নিরলস প্রচেষ্টা স্থানীয়দের কাছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।