শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এ সম্মিলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।
শিক্ষাক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
বিগত ১৭ বছরের শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিত তরুণদের বেকারত্বের অন্যতম কারণ।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির কারণে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, আবার নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
বহুভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এ ছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে উদ্যোগ নিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকারের সচেতনতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কলেজভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে। বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন সরকারের কাজের জবাবদিহিতার সময় এসেছে। আগামী দিনে শিক্ষাব্যবস্থায় কী পরিবর্তন এসেছে এবং কী ফল পাওয়া গেছে, তা দেখতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারিগরি শিক্ষাকে নতুনভাবে সাজানো এবং দেশের বিপুল জনগোষ্ঠীকে কর্মদক্ষ করে গড়ে তোলার বিষয়টি প্রধানমন্ত্রীর ভাবনায় রয়েছে।
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয়ভাবে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রণীত নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা অনেকাংশে নির্ভর করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধ্যক্ষদের নেতৃত্বের ওপর।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে মানের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। অনেক কলেজ বড় ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আবার এমন কলেজও রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চান না। কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। এসব বৈষম্য দূর করতে হবে। দুই হাজার তিন শতাধিক প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, ল্যাবরেটরি ও লাইব্রেরি সুবিধা নিশ্চিত করতে হবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বড় প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ ও আরও সক্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতির মতো উদ্যোগগুলো প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং তাঁদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে-স্কেল দেওয়া শেষ হয়নি। আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।’
তিনি বলেন, ‘জাতীয়করণ সরকার করবে, যখন প্রয়োজন হবে। জাতীয়করণ সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে। আপনারা সময় দেবেন না, রাস্তায় আন্দোলন করবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতোমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। কম্পিউটার দিয়েছি, ল্যাব দিয়েছি, নতুন বই দিয়েছি।’
সরকারের আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।’
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার জানান জানিয়ে আবদুল খালেক বলেন, রাজনীতিবিদরা পরামর্শ দেবেন। ম্যানিফেস্টো দেবেন। আমরা সরকারের অভিপ্রায় অনুযায়ী তা বাস্তবায়ন করবো। আমাদের দায়িত্ব রাজনীতিতে অংশগ্রহণ করা না। রাজনৈতিক আদর্শ বা ম্যানিফেস্টো বাস্তবায়ন করা।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বিশ্ববিদ্যালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে কর্মমুখী কোর্স প্রবর্তন, তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালু এবং গ্রিন ক্যাম্পাস নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ তৈরি করে উচ্চশিক্ষাকে কর্মমুখী করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং দক্ষ, মানবিক, সৃজনশীল ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য কলেজগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, শিক্ষার মান পর্যবেক্ষণ, গবেষণার পরিবেশ তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যেন শুধু চাকরিপ্রার্থী না হয়ে নিজেদের যোগ্যতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হন, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন যেভাবে জাতীয় অগ্রাধিকার পেয়েছে, তা আমাদের আশাবাদী করেছে। আশাহত দেশের মানুষ তাঁর নেতৃত্বে নতুন করে আশা খুঁজে পেয়েছে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি দুর্যোগ মোকাবিলাবিষয়ক অ্যাপ ‘দুর্যোগ থেকে স্বস্তি’ প্রকাশ করা হয়। অ্যাপটিতে দুর্যোগ ও ভূমিকম্পের সময় জরুরি সতর্কতা, সহায়তা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যাতায়াতব্যবস্থা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট তথ্য রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন ভাইস-চ্যান্সেলর।
অধ্যক্ষ সম্মিলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ আলী জিন্নাহ এবং অধ্যক্ষ সম্মিলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ নাজমুল হোসাইন। অনুষ্ঠানে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিন নিজেদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ, সংসদ সদস্য, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।