উন্নয়নশীল দেশগুলোর জন্য দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের বিশেষজ্ঞ নাইং সু ও। দেশটির ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা বোর্ডের সদস্য নাইং সু শনিবার সিনহুয়াকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, গত কয়েক দশকে চীনের দ্রুত উন্নয়ন প্রমাণ করেছে, উন্নয়নশীল দেশগুলো নিজেদের জাতীয় বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
নাইং সু দারিদ্র্য বিমোচন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, আদর্শ গ্রাম ও শহর গড়ে তোলা এবং শিল্প ও উচ্চপ্রযুক্তির কেন্দ্র প্রতিষ্ঠায় চীনের উদ্যোগের প্রশংসা করেন। তার মতে, মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে এসব উদ্যোগ অন্যান্য দেশের জন্য অনুসরণীয় হতে পারে।
বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের উচিত কাঁচামাল ও অর্ধসমাপ্ত পণ্য রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত পণ্য উৎপাদন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করা।
এ ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এতে দেশটির প্রযুক্তিগত সক্ষমতাও বাড়বে বলে মনে করেন এ বিশেষজ্ঞ।
সিএমজি