চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে দলীয় গঠনকাজ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করেছে। এসব প্রতিষ্ঠানে দলীয় গঠনকাজ আরও জোরদার হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, নতুন যাত্রায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর কমিউনিস্ট পার্টির সার্বিক নেতৃত্ব বজায় রাখতে হবে ও জোরদার করতে হবে। একই সঙ্গে দলকে সার্বিকভাবে কঠোরভাবে পরিচালনার কাজ অব্যাহত রাখতে হবে, যাতে উচ্চমানের দলীয় গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া যায়।
তিনি বলেন, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিক করপোরেট ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে পার্টির নেতৃত্বকে আরও কার্যকরভাবে যুক্ত করতে হবে। দলীয় সংগঠনগুলোর রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা জোরদার করে দলীয় গঠনকাজের সঙ্গে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমের গভীর সমন্বয় ঘটাতে হবে। নেতৃত্বস্থানীয় দলগুলোর সক্ষমতা বাড়াতে হবে এবং উচ্চ দক্ষতাসম্পন্ন ও পেশাদার কর্মকর্তা-কর্মীর দল গড়ে তুলতে হবে।
এ ছাড়া, দল পরিচালনা ও দলীয় শৃঙ্খলা রক্ষার রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন, সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, যাতে সবাই উদ্যোগ নিয়ে কাজ করতে পারেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পুঁজিকে আরও শক্তিশালী, উন্নত ও সম্প্রসারিত করার জন্য দৃঢ় নিশ্চয়তা গড়ে তুলতে হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর দলীয় গঠনবিষয়ক এক সভা আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সভায় সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সচিবালয়ের সম্পাদক ছাই ছি সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
সিএমজি