ঢাকার উত্তরে সাভারের শিল্পাঞ্চলে পোশাক কারখানার জেনারেটরের গর্জন প্রায়ই সেলাই মেশিনের ছন্দময় শব্দকে ছাপিয়ে যায়। গ্যাস সরবরাহে অনিশ্চয়তা এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটি বড় পোশাক কারখানাকে উৎপাদন লাইন সচল রাখতে সৌরবিদ্যুৎ ও একাধিক বিকল্প জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের দক্ষিণে পদ্মা সেতু দিয়ে অবিরাম চলছে যানবাহন। ‘স্বপ্নের সেতু’ নামে পরিচিত এই শতাব্দীর অন্যতম বৃহৎ প্রকল্পটি চালু হয়েছে তিন বছরেরও বেশি সময় আগে। একসময় যে বিশাল নদী দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছিল, এই সেতু সেই দুই অঞ্চলকে একসূত্রে যুক্ত করেছে।
একটি সেতু ভৌগোলিক দূরত্ব কমাতে পারে। কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে এখন যে আরও গভীর সংকটের নদী পেরোতে হবে, তা হলো—২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর কীভাবে বিশ্ববাণিজ্যে নিজেদের অবস্থান ধরে রাখা এবং আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক)-এর ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের সম্মেলন চীনের শেনচেনে অনুষ্ঠিত হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো এপেক সম্মেলনের আয়োজক হচ্ছে চীন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠন এবং অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করা’। সম্মেলনের তিনটি অগ্রাধিকার ক্ষেত্র হলো—‘উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতা’।
বাংলাদেশের জন্য এ সম্মেলনে আলোচিত বাণিজ্য, ডিজিটাল সক্ষমতা এবং শিল্প রূপান্তরের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এগুলো বাংলাদেশের আগামী কয়েক বছরের সবচেয়ে জরুরি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এপেক যে দুর্লভ ‘নিশ্চয়তা’ ধরে রাখছে
এপেকের সামনে পরিস্থিতি খুব একটা সহজ নয়। বিশ্বজুড়ে বাণিজ্য সুরক্ষাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, ভূরাজনৈতিক বিভাজন আরও গভীর হচ্ছে এবং ‘ঝুঁকি হ্রাসের’ নামে বৈশ্বিক সরবরাহব্যবস্থা বারবার নতুন করে সাজানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নীতিনির্ভর ও উন্মুক্ত বাণিজ্যকে ভিত্তি করে গড়ে ওঠা একটি আঞ্চলিক সহযোগিতার মঞ্চ আদৌ বাস্তব ফলাফল দিতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
চীন এবারের সম্মেলনের তিনটি অগ্রাধিকার ক্ষেত্রের মধ্যে ‘উন্মুক্ততা’কে প্রথম স্থানে রাখার পেছনে সুস্পষ্ট বিবেচনা রয়েছে। চলতি বছরের মে মাসে সুচৌয়ে অনুষ্ঠিত এপেক বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে গৃহীত ‘সুচৌ ঘোষণা’য় বাজারনির্ভর পদ্ধতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক একীভূতকরণ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে উচ্চমানের বাণিজ্য চুক্তির সমন্বয় ও বিস্তারকে সমর্থন করা হয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ব্যবস্থা উন্নত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
যখন বিশ্বের অনেক অর্থনীতি নিজেদের চারপাশে বাণিজ্যিক দেয়াল গড়ে তুলতে ব্যস্ত, তখন এই ঘোষণা অন্তত একটি বিষয় প্রমাণ করে: এপেকের ২১টি সদস্য অর্থনীতি এখনো একই টেবিলে বসতে এবং ‘বাধা দূর করা ও নীতির সমন্বয় সাধন’কে যৌথ ঘোষণায় অন্তর্ভুক্ত করতে আগ্রহী।
এ ক্ষেত্রে আরও কিছু পরিসংখ্যান বিশেষভাবে লক্ষণীয়। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীন এপেকের অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে ২৪ দশমিক ০৭ ট্রিলিয়ন ইউয়ানের আমদানি-রপ্তানি বাণিজ্য করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বেশি। অন্যদিকে, বছরের প্রথমার্ধে শেনচেনের সঙ্গে এপেকভুক্ত অর্থনীতিগুলোর আমদানি-রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ।
এই পরিসংখ্যান একটি সরাসরি বার্তা দিচ্ছে—রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয়াদেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছে।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য অনুযায়ী, এবারের এপেক ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদনকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর সংখ্যা এপেকের অন্যান্য সদস্য অর্থনীতির তুলনায় সর্বোচ্চ। অ্যামাজন, ওয়ালমার্ট, অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও অংশগ্রহণের আবেদন জানিয়েছে। পুঁজি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পছন্দ অনেক সময় কূটনৈতিক বক্তব্যের চেয়েও কোনো মঞ্চের প্রকৃত গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।
চীনের জন্য তৃতীয়বারের মতো এপেক সম্মেলন আয়োজনের তাৎপর্য এপেকের গণ্ডির চেয়েও অনেক বিস্তৃত। ২০০১ সালে শাংহাই, ২০১৪ সালে বেইজিং এবং ২০২৬ সালে শেনচেন—এই তিনটি শহর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতিতে চীনের ভূমিকার ক্রমবিবর্তনকে তুলে ধরে।
শেনচেন নিজেই একটি জীবন্ত উদাহরণ। কীভাবে উন্মুক্ততা একটি অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারে, তার বাস্তব দৃষ্টান্ত এই শহর। একসময়কার ছোট্ট মাছ ধরার গ্রাম আজ বৈশ্বিক উদ্ভাবন ও প্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। যখন ব্যবসায়িক মহলে ‘চীনই সবচেয়ে বড় নিশ্চয়তা’—এমন মূল্যায়ন জনপ্রিয় হয়ে উঠছে, তখন শেনচেন কেবল বিমূর্ত কোনো স্লোগান সামনে আনছে না। বরং এমন একটি বাস্তব উদাহরণ তুলে ধরছে, যা পর্যবেক্ষণ, যাচাই, প্রশ্ন এবং অনুসরণের সুযোগ তৈরি করে।
বাংলাদেশের জন্য এপেকের গুরুত্ব: অর্থনৈতিক রূপান্তরের পথনির্দেশ
বাংলাদেশকে শেনচেনের অনুকরণ করতে হবে না। তবে এপেকের এবারের সম্মেলনে চীনের বছরজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা কয়েকটি বিষয়—বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল সক্ষমতা, সংযোগ এবং কাঠামোগত রূপান্তর—বাংলাদেশের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা ও জরুরি করণীয়ের সঙ্গে সরাসরি মিলে যায়।
বাংলাদেশের অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান এলডিসি থেকে উত্তরণসংক্রান্ত আলোচনায় স্পষ্টভাবে বলেছেন, অতিরিক্ত তিন বছরের প্রস্তুতিকালকে বাণিজ্য সুবিধা সম্প্রসারণের জন্য নয়, বরং অর্থনীতির কাঠামোগত রূপান্তর ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা উচিত।
তার এই মূল্যায়নের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ প্রায় ৩৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এর প্রায় অর্ধেক যায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে। কিন্তু সেখানে বাংলাদেশের রপ্তানি প্রকৃতপক্ষে কমছে। একই সময়ে, বৈশ্বিক বস্ত্র ও পোশাকের চাহিদার প্রায় ৭০ শতাংশই তুলাবহির্ভূত এবং কৃত্রিম তন্তুভিত্তিক পণ্যের দিকে কেন্দ্রীভূত। অথচ বাংলাদেশের রপ্তানি পণ্যের ঝুড়িতে এখনও তুলাভিত্তিক পণ্যের আধিপত্য রয়েছে।
এর অর্থ হলো, ‘চীন প্লাস ওয়ান’ কৌশলের ফলে বাংলাদেশে উৎপাদন ও ক্রয়াদেশ স্থানান্তরের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তব। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে কৃত্রিম তন্তুর সুতা, আধুনিক বস্ত্র প্রক্রিয়াকরণ এবং উন্নত উৎপাদন প্রযুক্তিতে প্রকৃত বিনিয়োগ করতে হবে। কেবল নিম্নমানের তুলাভিত্তিক বস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে এই সুযোগ কাজে লাগানো সম্ভব নয়। এপেকের অভিজ্ঞতার ভান্ডারে এমন কয়েকটি কার্যকর হাতিয়ার রয়েছে, যা বাংলাদেশ কাজে লাগাতে পারে।
প্রথম হাতিয়ার: বাণিজ্য সহজীকরণের মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় কমানো
বাংলাদেশের পোশাকশিল্প বৈদেশিক বাণিজ্য ও পরিবহনব্যবস্থার ওপর অত্যন্ত নির্ভরশীল। বন্দরের দক্ষতা সামান্য বাড়লেও কিংবা কারখানা থেকে বন্দরের জেটি পর্যন্ত পণ্য পরিবহনের পথে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি কমলেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সময় ও মূলধন ব্যয় বাস্তবিক অর্থেই কমবে।
এপেকের কাঠামোর অধীনে বারবার কার্যকারিতা প্রমাণিত ‘সিঙ্গেল উইন্ডো’ বা সমন্বিত একক ডিজিটাল সেবা ব্যবস্থা এবং ‘এইও’ (অনুমোদিত অর্থনৈতিক পরিচালনাকারী) সনদের পারস্পরিক স্বীকৃতি ঠিক এই কাজটিই করে।
পেরু তার বৈদেশিক বাণিজ্যের একক ডিজিটাল সেবা ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে মানসম্মত করেছে। তথ্যসেবা, পরিচালন ব্যয় এবং প্রশাসনিক জনবলের ওপর চাপ কমানোর মাধ্যমে বাণিজ্য সহজীকরণে অগ্রগতি অর্জন করেছে।
অন্যদিকে, এপেক-চীন বাণিজ্যের ক্ষেত্রে এইও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পণ্যের শুল্ক ও কাস্টমস পরিদর্শনের হার ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এর ফলে পণ্য খালাসের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসে।
বাংলাদেশের জন্য এ ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার সুফল আরেকটি বড় সেতু নির্মাণের সুফলের চেয়ে কম নয় মোটেও।
মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক শিল্প পার্কের উন্নয়নকাজ এগিয়ে চলছে। অর্থাৎ, অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শুল্ক ছাড়করণ এবং ডিজিটাল নথি ব্যবস্থাপনা না থাকলে বন্দরের বাড়তি সক্ষমতা কেবল পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে তার সুফল পুরোপুরি পাওয়া যাবে না।
দ্বিতীয় হাতিয়ার: ডিজিটাল অর্থনীতির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি
বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি কেবল কয়েকটি বড় পোশাক কারখানার ওপর নির্ভর করে না। বিপুলসংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র প্রতিষ্ঠানই দেশের কর্মসংস্থানের অন্যতম প্রধান ভিত্তি।
অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বিশেষভাবে সতর্ক করেছেন, এলডিসি উত্তরণের পর অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়ায় নীতিগত সহায়তা কেবল বড় ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই সহায়তা ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর কাছেও পৌঁছাতে হবে।
চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান নিয়ে এপেকের মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা-ও একই বিষয়কে গুরুত্ব দেয়। ডিজিটাল ব্যবস্থা বড় প্রতিষ্ঠানের বিলাসিতা নয়; বরং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের অন্যতম প্রধান হাতিয়ার।
বৈদেশিক বাণিজ্যের একক ডিজিটাল সেবা ব্যবস্থা নিয়মকানুন মেনে চলার জটিলতা কমায়। ই-কমার্স মঞ্চ এবং ডিজিটাল অর্থ পরিশোধব্যবস্থা বিক্রির নতুন পথ খুলে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সঠিক গ্রাহক শনাক্ত করতে সহায়তা করে।
আলাদাভাবে বিবেচনা করলে এসব প্রযুক্তিকে সব সমস্যার সমাধান বলা যাবে না। কিন্তু একসঙ্গে ব্যবহার করা গেলে একটি পারিবারিক কর্মশালা কিংবা ছোট কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানও আঞ্চলিক মূল্য সংযোজন শৃঙ্খলের সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ পেতে পারে।
বাংলাদেশকে এসব প্রযুক্তি একেবারে নতুন করে উদ্ভাবন করতে হবে না। বরং প্রয়োজন হলো, নীতিগত সহায়তা, অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা যেন পিছিয়ে না থাকে। ‘ব্যবসায়িক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ’—এই তিনটি বিষয়কে একই পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে।
তৃতীয় হাতিয়ার: সংযোগের সামগ্রিক ব্যবস্থা
পদ্মা সেতুর গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি সেতুর দুই প্রান্তে যদি দক্ষ বন্দর, নৌপথ এবং সড়ক ও রেলপথের সমন্বিত পণ্য সংগ্রহ ও বিতরণব্যবস্থা না থাকে, তাহলে এর অর্থনৈতিক সুফল অনেকটাই মাঝপথে হারিয়ে যাবে।
চীন-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে একটি লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে সহযোগিতার বিষয়টি যেখানে ‘বাংলাদেশকে একটি সেতু নির্মাণে সহায়তা করার’ মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা ধীরে ধীরে ‘একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের’ দিকে এগোচ্ছে। সেতু, বন্দর সরঞ্জাম, বন্দর অর্থায়ন, শিল্প পার্ক এবং সরবরাহব্যবস্থার সংযোগ—সবকিছুকে এখন একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এপেকের প্রস্তাবিত ‘সংযোগ’ বলতে কখনোই শুধু ভৌত অবকাঠামো, অর্থাৎ রাস্তা ও সেতু নির্মাণকে বোঝায় না। এর মধ্যে নিয়মকানুনের সমন্বয় এবং মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।
বাংলাদেশের জন্য এর অর্থ হলো, পরিবহন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাণিজ্য নীতির সমন্বয়, শুল্ক সহযোগিতা এবং ডিজিটাল সংযোগকেও সমান গুরুত্ব দিতে হবে। ভৌত অবকাঠামো ও ডিজিটাল ব্যবস্থার সমন্বয় ঘটলেই পরিবহনপথগুলো প্রকৃত অর্থনৈতিক করিডোরে পরিণত হবে।
বাংলাদেশ ২০১৪ সালেই এপেকের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে এপেকের সদস্যসংখ্যা বাড়ানোর প্রক্রিয়া এখনো স্থগিত রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশ এপেকের আলোচ্যসূচি ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে না।
একটি আঞ্চলিক সহযোগিতার মঞ্চের গুরুত্ব কেবল কারা এর সদস্য, তার ওপর নির্ভর করে না। বরং এর নিয়মনীতি, অভিজ্ঞতা ও কার্যকর হাতিয়ার বৃহত্তর অর্থনীতিগুলো দেখতে, বুঝতে এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারছে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
শেনচেন এপেক বাংলাদেশের এলডিসি উত্তরণের পরবর্তী সব সমস্যার সমাধান দিতে পারবে না। তবে এটি অন্তত একটি মৌলিক বিষয় আলোচনার টেবিলে নিয়ে এসেছে। সেটি হলো—বিশ্বে যখন উন্মুক্ততা ও বাণিজ্যিক বাধা একই সঙ্গে বাড়ছে, তখন একটি উন্নয়নশীল দেশের প্রকৃত নিরাপত্তাবলয় কেবল বিদ্যমান বাণিজ্য সুবিধা সম্প্রসারণের অপেক্ষায় থাকা নয়।
বরং বাণিজ্যের ব্যয় কমানো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, অবকাঠামোকে একটি সমন্বিত ব্যবস্থায় রূপান্তর করা এবং সামগ্রিকভাবে অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
পদ্মা সেতু ইতিমধ্যে প্রমাণ করেছে, বাংলাদেশ বিশ্বমানের অবকাঠামো প্রকল্প নির্মাণ করতে সক্ষম। কিন্তু সামনে যে সেতুটি পার হতে হবে, সেটি নদীর ওপর নির্মিত হবে না। নির্মিত হবে দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, শিল্পের আধুনিকায়ন এবং অর্থনৈতিক কাঠামোর ভিতের ওপর।
লেখক: সাংবাদিক, সিএমজি বাংলা, বেইজিং।