শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তকে অষ্টম চীন-রাশিয়া জ্বালানিশক্তি ব্যবসায়িক ফোরাম অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে একটি শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন।
সি চিন পিং উল্লেখ করেন, এ বছর চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী এবং ‘চীন-রাশিয়া শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। আন্তর্জাতিক পরিস্থিতির জটিল পরিবর্তনের মধ্যেও চীন-রাশিয়া নতুন যুগের সর্বাঙ্গীণ কৌশলগত সহযোগী অংশীদারিত্ব উচ্চস্তরে বিকশিত হচ্ছে এবং চীন-রাশিয়া শক্তি সহযোগিতা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা উভয় দেশের যৌথ উন্নয়নে শক্তিশালী ভূমিকা রেখেছে এবং পারস্পরিক উপকারী সহযোগিতার একটি মডেল হয়ে উঠেছে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে আন্তর্জাতিক শক্তি বিন্যাস গভীরভাবে পরিবর্তিত হচ্ছে, যেখানে সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই বিদ্যমান। চীন রাশিয়ার সাথে একযোগে শক্তি সহযোগিতা আরও গভীর করতে এবং শক্তি শিল্প শৃঙ্খল ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীল ও সুচারু প্রবাহ যৌথভাবে নিশ্চিত করতে আগ্রহী।
একই দিনে রাশিয়ার ফেডারেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অষ্টম চীন-রাশিয়া জ্বালানিশক্তি ব্যবসায়িক ফোরামে একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
সূত্র: সিএমজি বাংলা