সম্প্রতি চীনের সহায়তায় অ্যান্টিগুয়া ও বার্বুডার রাজধানী সেন্ট জনস-এ নির্মিত ১৫০টি স্বল্পমূল্যের আবাসন ইউনিটের হস্তান্তর সম্পন্ন হয়েছে।
দুই কক্ষবিশিষ্ট ১৫০টি আবাসন ইউনিট নিয়ে গঠিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বল্পআয়ের বাসিন্দাদের ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরনো ঘরবাড়ির পরিবর্তে আধুনিক কনডোমিনিয়ামে পুনর্বাসিত করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানে এক দৃশ্যমান পরিবর্তন এনেছে।
হস্তান্তর অনুষ্ঠানে অ্যান্টিগুয়া ও বার্বুডায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চিয়াং ওয়েই বলেন, এই আবাসন প্রকল্পটি চীন-অ্যান্টিগুয়া ও বার্বুডার পারস্পরিক সমতা, কার্যকর অংশীদারিত্ব এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে যৌথ অঙ্গীকারের এক নতুন অর্জন।
তিনি আরও বলেন, চীন অ্যান্টিগুয়া ও বার্বুডার সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে, জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করতে এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক গভীর করতে সম্পূর্ণ প্রস্তুত। এর মাধ্যমে চীন-ল্যাটিন আমেরিকা যৌথ ভবিষ্যতের এক নতুন অধ্যায় উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চীনা সরকারের এই ধারাবাহিক ও নিঃস্বার্থ সহায়তা এবং নির্মাণকারী দলের কাজের উচ্চ গুণমানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যান্টিগুয়া ও বার্বুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। তিনি এই আবাসন প্রকল্পকে দেশের ইতিহাসের সবচেয়ে পরিবর্তনকামী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।
প্রধানমন্ত্রী ব্রাউন জোর দিয়ে বলেন, অ্যান্টিগুয়া ও বার্বুডা চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে বিভিন্ন খাতে কৌশলগত আদান-প্রদান ও সহযোগিতা আরও গভীর করতে উন্মুখ।
সূত্র: সিএমজি