ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ইম্পেরিয়াল স্প্রিংস আন্তর্জাতিক ফোরাম ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৩০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ ফোরামে অংশ নিয়েছেন ৩০ জন সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান।
সংশ্লিষ্টরা জানান, ২০১৪ সালে যাত্রা শুরু করা এই ফোরাম শান্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে নতুন ধারণা ও সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে। এবারের সম্মেলনে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে—বিশেষ করে বৈশ্বিক শাসনব্যবস্থার পুনর্গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নের গতিশীলতা।
ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো যোসিপোভিচ বলেন,"প্রযুক্তিগত দিক থেকে চীন এখন স্পষ্টভাবেই নেতৃত্ব দিচ্ছে। অন্যান্য দেশকে উন্নত পর্যায়ে পৌঁছাতে চীনের সহায়তা অত্যন্ত জরুরি। মানবজাতি সবসময়ই তাদের ঘোষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না—তাই চীনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ।"
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বোজকির বলেন, "চীন একটি বড় ও গুরুত্বপূর্ণ দেশ। বিশ্বের যেকোনো বড় ইস্যুতে সবাই চীনের দিকে তাকিয়ে থাকে। পরিবেশবান্ধব বায়ু ও পরিবেশ উন্নয়নে চীন একটি উদাহরণ—যা বিশ্ব অনুসরণ করতে পারে।"
ফোরামের সাতটি আলোচ্য বিষয়ে চারটি সমান্তরাল সেশন ও দুটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক শাসনব্যবস্থাই থাকবে মূল কেন্দ্রবিন্দুতে। ফোরামের আলোচনায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে বিশ্বশাসন ব্যবস্থায় চীনের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement