সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সোমবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নেয়া হবে।
ট্রাম্প জানান, হামলার সময় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানবে না বলে নিশ্চিত হওয়ায় সেটি প্রতিহত করা হয়নি।
এদিকে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে হরমুজ প্রণালিতে সীমিত হামলার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড গেল এক সপ্তাহে এ পরিকল্পনা তৈরি করেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এতে সমর্থন দিলেও ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধ ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। তবে, তেহরানকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার শর্ত মানতে হবে।
লুৎফর/জেনিফার
তথ্য ও ছবি:সিসিটিভি