ঝুঁকি নিয়ন্ত্রণ, তদারকি জোরদার এবং অর্থনৈতিক উন্নয়ন—এই তিন মূল স্তম্ভের ওপর ভিত্তি করে নিজেদের শক্তিশালী ‘আর্থিক পরাশক্তি’ হিসেবে গড়ে তোলার রূপরেখা ঘোষণা করেছে চীন। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় আর্থিক নিয়ন্ত্রণ প্রশাসনের (এনএফআরএ) উপ-পরিচালক ছং লিন এ সংক্রান্ত নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সেখানে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক ঝুঁকি পরিকল্পিতভাবে কাটিয়ে ওঠার ওপর জোর দেয়া হচ্ছে। অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে এ খাতের সার্বিক মান বৃদ্ধি ও কাঠামো পুনর্গঠন করা হবে। পাশাপাশি, জনগণের কষ্টার্জিত অর্থ রক্ষায় অবৈধ আর্থিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।
তদারকি ব্যবস্থাকে আরও সুনির্দিষ্ট ও পর্যায়ক্রমিক কাঠামোয় উন্নীত করা হচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ সক্ষমতা বাড়িয়ে আর্থিক প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
সূত্র: সিএমজি বাংলা