চীনা প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা তৎপরতার ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করার মার্কিন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে চীনা প্রতিষ্ঠানসহ দেশটির বিরুদ্ধে সব ধরনের গোয়েন্দা তৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনা প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা তৎপরতার বৈধ লক্ষ্য হিসেবে দেখানোর মার্কিন দাবি নিয়ে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং এর ‘দৃঢ় বিরোধিতা’ করছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ ক্ষুণ্ন করে—এমন সব কর্মকাণ্ড বন্ধ করা।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির ‘গুপ্তচরবৃত্তি-বিরোধী আইন’সহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দৃঢ় সংকল্প ও সক্ষমতা চীনের রয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সিআইএর উপপরিচালক মাইকেল এলিস বলেছেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার পরিধি বাড়ানো হয়েছে। এর আওতায় চীনা প্রতিষ্ঠানগুলোও রয়েছে বলে জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বায়োটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করা চীনা প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা তৎপরতার বৈধ লক্ষ্য হিসেবেও উল্লেখ করেন এলিস।
এর প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করছে এবং অর্থনৈতিক প্রতিযোগিতা ও নিরাপত্তার মধ্যকার সীমারেখা অস্পষ্ট করছে। অর্থনৈতিক প্রতিযোগিতাকে তথাকথিত নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরা ‘জিরো-সাম’ ও শীতল যুদ্ধের মানসিকতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: সিএমজি