প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস নিয়ে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে আঘাত হেনেছে টাইফুন ‘সওদেল’।
শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে থাইচৌর ইউহুয়ানের থানমেন সাব-ডিস্ট্রিক্টের উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানে। এ সময় এর কেন্দ্রস্থলের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৩৫ মিটার। এছাড়া এর সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ ছিল ৯৭৫ হেক্টোপ্যাসকেল।
বছরের ১৮তম এই টাইফুনটি আঘাতের পূর্বেই উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে, সব মাছ ধরার ট্রলার ও ফেরি চলাচল স্থগিত করেছে।
টাইফুন সওদেলের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চেচিয়াং ও ফুচিয়ান প্রদেশে। এর মধ্যে কিছু এলাকায় মুষলধারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। টাইফুনের ল্যান্ডফাল বা স্থলভাগে আঘাত হানার স্থানটির কাছাকাছি এবং উত্তর দিকের অঞ্চলগুলোতে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জোয়ারের পানির ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ওই সব এলাকায় বন্যাসহ বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
টাইফুনটি ক্রমান্বয়ে স্থলের ভেতরের দিকে অগ্রসর হওয়ায় এর প্রভাব দীর্ঘ সময় ধরে একটি বিশাল অঞ্চল জুড়ে বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএমজি