সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমাব্যবস্থার আওতায় এখন ৩২ কোটি ২০ লাখের বেশি মানুষ রয়েছেন। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত তহবিল থেকে মোট ১১৪ দশমিক ২ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১৬ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্যসেবা নিরাপত্তা প্রশাসনের উপপ্রধান ওয়াং ওয়েনচুন এ তথ্য জানান। তিনি বলেন, এই বীমার আওতায় এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ সেবা পেয়েছেন।
ওয়াং জানান, চীনের ২২টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল এরইমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা প্রকাশ করেছে। বর্তমানে দেশের ১২১টি এলাকায় দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমাব্যবস্থা চালু রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে ২৪৭টিতে পৌঁছাতে পারে।
দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমা চীনের সামাজিক নিরাপত্তাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা আংশিক বা পুরোপুরি নিজের দৈনন্দিন কাজ করতে পারেন না, তাদের পরিচর্যা সেবা বা আর্থিক সহায়তা দেওয়াই এই ব্যবস্থার মূল লক্ষ্য। এর মাধ্যমে তাদের দৈনন্দিন প্রয়োজন ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের একটি অংশ মেটানো হয়। ফলে রোগী ও তার পরিবারের ওপর আর্থিক চাপ কমে।
সূত্র: সিএমজি