আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি বৃহস্পতিবার বেইজিংয়ে এল সালভাদরের আইনসভা পরিষদের প্রেসিডেন্ট আর্নেস্তো কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে চাও ল্যচি বলেন, চলতি বছরের ২১ আগস্ট চীন ও এল সালভাদরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অষ্টম বার্ষিকী। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে এল সালভাদরের সঙ্গে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীন প্রস্তুত।
তিনি বলেন, উভয় পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর করা এবং একে অপরকে সহযোগিতা ও সমর্থনকারী বন্ধু হিসেবে কাজ করা উচিত। এক-চীন নীতিতে এল সালভাদরের অটল অবস্থান এবং তাইওয়ান ও মানবাধিকার ইস্যুতে চীনের অবস্থানের প্রতি দেশটির সমর্থনের প্রশংসা করেন চাও।
জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার এবং বহুপক্ষীয় সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
চাও ল্যচি বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস এল সালভাদরের আইনসভার সঙ্গে বিশেষায়িত কমিটি, দ্বিপক্ষীয় বন্ধুত্ব গোষ্ঠী, এনপিসির ডেপুটি ও আইনপ্রণেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদার করতে প্রস্তুত। একইসঙ্গে আইনশাসন, দারিদ্র্য হ্রাস ও উন্নয়নের মতো ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তব সহযোগিতার জন্য আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, আর্নেস্তো কাস্ত্রো বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এল সালভাদরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের আইনসভা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও শেখার মাধ্যমে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং বাস্তব সহযোগিতা জোরদারে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
নাহার/ জেনিফার
তথ্য ও ছবি- সিনহুয়া