এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সিইও সম্মেলন ২০২৬ আগামী ১৭ ও ১৮ নভেম্বর চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হবে। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
‘সমৃদ্ধি এগিয়ে নেয়া, সবার জন্য জয় জয় ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে এপেকের বিভিন্ন অর্থনীতির প্রায় এক হাজার রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে এশিয়া-প্যাসিফিক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, আন্তঃসংযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
২০২৬ সালে এপেকের আয়োজক দেশ চীন। একই শহরে ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক। এর সাইডলাইনে সিইও সামিট অনুষ্ঠিত হবে।
এ নিয়ে তৃতীয়বার এপেক আয়োজন করছে চীন; ১২ বছর পর এবার আবারও দেশটি এ সম্মেলনের আয়োজক হয়েছে। ২০২৬ সালের এপেকের প্রতিপাদ্য—‘সমৃদ্ধির জন্য এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’। এ বছর চীনের বিভিন্ন শহরে প্রায় ৩০০টি এপেক সংশ্লিষ্ট আয়োজন হবে।
সূত্র: সিএমজি বাংলা