চীনে এ বছরের তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমে বক্স অফিস আয়ে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এ মৌসুমে দেশটির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১২ দশমিক ৪৯৮ বিলিয়ন ইউয়ান, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪৫ শতাংশ বেশি।
এ সময়ে দেশজুড়ে সিনেমা হলে দর্শক উপস্থিতি ছিল ৩৪ কোটি, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮৬ শতাংশ বেশি। মোট ৩ কোটি ৮৫ লাখের বেশি প্রদর্শনী হয়েছে। বাজারের প্রায় ৭২ শতাংশ দখলে রেখেছে চীনা চলচ্চিত্র।
এবারের গ্রীষ্মকালীন মৌসুমে দেশি-বিদেশি শতাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ আয় করেছে হংকংয়ের পরিচালক স্টিফেন চৌ এর স্পোর্টস কমেডি ‘কুং ফু সকার’। পরের অবস্থানে রয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন দ্য মিডল ইস্ট’, ‘অল উইশেস কাম ট্রু’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’ ও ‘ডিয়ার ইউ’।
জাতীয় পর্যায়ে টিকিটে নানা ছাড় এবং নতুন সিনেমা হল ও পর্দা যুক্ত হওয়ায় দর্শকসংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সূত্র: সিএমজি বাংলা