মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেমনই হোক না কেন, চীন ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্ব সবসময়ই পাহাড়ের মতো অটল এবং অবিচ্ছেদ্য থাকবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের যৌথ চীন সফরকে স্বাগত জানান ওয়াং ই। তিনি বলেন, দুই দেশ সর্বদা উচ্চ স্তরের পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস, ব্যবহারিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমন্বয় বজায় রেখেছে, যা রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য মডেল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান সেনাবাহিনী সবসময়ই চীন-পাকিস্তান সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করেছে। দুই দেশের মধ্যকার এই ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও গভীর করতে পাকিস্তানি সেনাবাহিনী আগামীতেও নতুন অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জেনারেল অসীম মুনির বলেন, চীনের চার প্রধান বৈশ্বিক উদ্যোগ এবং 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) বিশ্ব শান্তি ও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাকিস্তান এই উদ্যোগগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনী 'পাকিস্তান-চীন অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি' গঠন এবং 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' (সিপেক) প্রকল্পের কাজকে পুরোপুরি এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ওয়াং ই-কে অবহিত করেন জেনারেল মুনির। তিনি জানান, উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে এবং পাকিস্তান এই বিষয়ে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। পাকিস্তানের এই মধ্যস্থতার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে চীন এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে বলে জানান ওয়াং ই।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিজিটিএন