চীন ও রাশিয়ার সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকের প্রস্তুতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, কৃষি, পারমাণবিক জ্বালানি, বিমান চলাচল ও মহাকাশ খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত চীন-রাশিয়া সরকারপ্রধানদের নিয়মিত বৈঠকবিষয়ক কমিটির ৩০তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো।
অধিবেশনে হ্য লিফেং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং চীন ও রাশিয়ার সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকের প্রস্তুতি নিতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
তিনি বলেন, ঐতিহ্যবাহী সহযোগিতার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সম্পর্ক আরও সুসংহত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা সক্রিয়ভাবে সম্প্রসারণ করতে চায় বেইজিং।
হ্য লিফেং দুই দেশের মধ্যে সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সঙ্গে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা সুরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জনে যৌথ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে এবং বহুপক্ষীয় ফোরামগুলোতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হচ্ছে।
তিনি আরও বলেন, সহযোগিতার পরিধি ও গুণগত মান উভয় ক্ষেত্রেই অগ্রগতি অর্জনের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করবে রাশিয়া।
সূত্র: সিএমজি