চীন ও রাশিয়ার পারস্পরিক ভিসামুক্ত ব্যবস্থা দু’দেশের উচ্চপর্যায়ের কৌশলগত আস্থার প্রতিফলন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন। মঙ্গলবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের ভিসামুক্ত যাতায়াত স্থায়ী করার বিষয়ে চীনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মুখপাত্র বলেন, পারস্পরিক ভিসামুক্ত ব্যবস্থা দু’দেশের জনগণের যোগাযোগ সহজ করার পাশাপাশি বন্ধুত্ব জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।
জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে চীন এ বছরের মে মাসে রুশ নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। একইভাবে, জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের মেয়াদ ২০২৭ সালের শেষ পর্যন্ত বাড়ানোর ডিক্রিতে সই করেন।
সূত্র: সিএমজি বাংলা