চীনের সিচাংয়ের শিগাতস শহরের জিরং কাউন্টিতে ভূমিধসে হতাহত এবং নিখোঁজের ঘটনায় জাতীয় পর্যায়ে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করেছে চীন। বুধবার দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। পাশাপাশি জাতীয় সমন্বিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়।
উদ্ধারকাজ আরও জোরদারে স্যাটেলাইট যোগাযোগ সহায়তা ও আকাশপথে চৌম্বকীয় অনুসন্ধান সরঞ্জামসহ বিভিন্ন বিশেষায়িত যন্ত্রপাতিও দুর্গত এলাকায় পাঠানোর কথা রয়েছে। এসব সরঞ্জাম যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং নিখোঁজদের সন্ধানে সহায়তা করবে।
এদিকে, জাতীয় দুর্যোগ হ্রাস কমিশন ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দ্বিতীয় স্তরের জাতীয় জরুরি সাড়া কার্যক্রম চালু করেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও সহায়তার জন্য জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ৩০ হাজার ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, তাপ সরঞ্জাম, পোশাক, কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী।
সূত্র: সিএমজি