তাইওয়ানের স্বাধীনতার জন্য শক্তি প্রয়োগের চেষ্টা ‘অতিরিক্ত বাড়াবাড়ি’এবং শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, তাইওয়ানের নেতা লাই ছিং-তে ‘তাইওয়ান স্বাধীনতা’পন্থী অবস্থানে অনড় রয়েছেন। একই সঙ্গে তিনি তাইওয়ান প্রণালির দুই পাড়ের মধ্যে উত্তেজনা ও বিরোধ বাড়াচ্ছেন বলেও দাবি করেন চাং হান।
চীনা মুখপাত্রের অভিযোগ, শান্তি, উন্নয়ন, যোগাযোগ ও সহযোগিতার পক্ষে তাইওয়ানের জনগণের মূলধারার মতামতকে উপেক্ষা করে কর্তৃপক্ষ ‘শক্তি দিয়ে পুনরেকত্রীকরণ ঠেকানো’ এবং ‘শক্তি প্রয়োগে স্বাধীনতা অর্জনের’চেষ্টা করছে।
এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত তাইওয়ানের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলবে বলেও সতর্ক করেন তিনি।
চাং হান বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীনের সংকল্প অটুট এবং তা বাস্তবায়নের সক্ষমতাও অত্যন্ত শক্তিশালী।
সূত্র: সিএমজি বাংলা