টেকসই নগর পুনর্গঠনের মডেল গড়ে তোলা এবং দেশজুড়ে নগর এলাকার কাঠামো আরও কার্যকরভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
মঙ্গলবার নগর পুনর্গঠনের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিতে রাষ্ট্রীয় পরিষদের একটি স্টাডি সেশনে সভাপতিত্ব করার সময় তিনি এ আহ্বান জানান।
লি ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন নতুন শিল্পায়ন ও নগরায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। একই সময়ে দেশটির জনসংখ্যার গতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি এবং আবাসন বাজারে গভীর পরিবর্তন এসেছে।
টেকসই নগর পুনর্গঠন নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব দেন চীনা প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুনরুজ্জীবিত জনপরিসর, সেবা-সুবিধা ও পরিবেশগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে।
দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলার সক্ষমতা জোরদারেরও আহ্বান জানান লি। বন্যা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
চীনা প্রধানমন্ত্রী আবাসন, পাড়া-মহল্লা, কমিউনিটি ও নগর এলাকার পর্যায়ে সংস্কার ও আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পুরোনো আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলের রূপান্তর ও উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি নতুন শিল্প ও ব্যবসায়িক মডেল গড়ে তোলার ওপর জোর দেন।
সূত্র: সিএমজি