দক্ষিণ কোরীয় পার্লামেন্টের আমন্ত্রণে, চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান তিং চৌংলি, গতকাল (সোমবার) ও আজ (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়া সফর করেন। তাঁর সঙ্গে একটি প্রতিনিধিদলও ছিল।
সফরকালে তিনি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট স্পিকার চো জং-সিক-এর সাথে এক বৈঠকে মিলিত হন এবং ডেপুটি স্পিকার নাম ইন সুনের সঙ্গে চীন-দক্ষিণ কোরিয়া সংসদীয় বিনিময় প্রক্রিয়ার ১৪তম অধিবেশনে অংশগ্রহণ করেন।
স্পিকারের সঙ্গে বৈঠকে তিং চৌলি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও বৈচিত্র্যময়। দু’দেশের উচিত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল আকাঙ্ক্ষা মেনে চলা, সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বকে আরও শক্তিশালী করা, পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের জন্য কল্যাণকর নীতি অনুসরণ করা, দু’দেশের রাষ্ট্রীয় প্রধানদের মতৈক্য কার্যকর করা, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও বেগবান ও ফলপ্রসূ করা, এবং আরও ভালোভাবে দু’দেশের জনগণের জন্য নতুন নতুন কল্যাণ সৃষ্টি করা।
এ সময় দক্ষিণ কোরীয় পক্ষ থেকে তাকে জানানো হয়, দু’দেশ ভৌগোলিকভাবে কাছাকাছি এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময়ও সুদীর্ঘকালের। দক্ষিণ কোরিয়া চীনের সাথে দু’দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও পরিপক্ব করতে প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।
বিনিময় প্রক্রিয়ার অধিবেশনে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, নারী ও শিশু অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে দু’পক্ষের মধ্যে। অধিবেশন থেকে আবারও ‘এক-চীননীতি’ মেনে চলার কথা ঘোষণা করা হয়।
সূত্র: সিএমজি