জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: একটি দায়িত্বশীল প্রধান উন্নয়নশীল দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে চীনের অবদান বিশ্বব্যাপী ব্যাপকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে চীন বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ নীতি কাঠামো গড়ে তুলেছে এবং একই সঙ্গে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা তৈরি করেছে।
এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়। ট্রাম্প বুধবার দাভোসে বলেন, চীন বিপুল পরিমাণ বায়ু টারবাইন তৈরি করলেও তিনি দেশটিতে ‘কোনো বায়ু বিদ্যুৎ ফার্ম খুঁজে পাননি’।
এর জবাবে কুও চিয়াখুন বলেন, বায়ু বিদ্যুতে চীনের অর্জন সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। টানা ১৫ বছর চীন বিশ্বের শীর্ষ বায়ু বিদ্যুৎ স্থাপনকারী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালের নভেম্বরের শেষ নাগাদ চীনের বায়ু বিদ্যুতের মোট স্থাপিত ক্ষমতা ৬০ কোটি কিলোওয়াট অতিক্রম করেছে বলেও জানান তিনি।
কুও চিয়াখুন জোর দিয়ে বলেন, চীন তার সবুজ উন্নয়নের অভিজ্ঞতা ও সাফল্য বিশ্ববাসীর সঙ্গে ভাগ করে নিচ্ছে এবং ভবিষ্যতেও বিশ্বব্যাপী সবুজ রূপান্তরকে এগিয়ে নিতে সকল পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
Advertisement