চীনের যুদ্ধবিরোধী অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’-এর নিউজিল্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে অকল্যান্ডে। বৃহস্পতিবারের এ প্রদর্শনীতে স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে সিনেমাটি। দেশটিতে শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
সিনেমাটির গল্প এক চীনা রাঁধুনিকে ঘিরে, যিনি ২০০০-এর দশকের শুরুর দিকে ব্যবসা শুরু করতে মধ্যপ্রাচ্যে যান। সেখানে যুদ্ধ শুরু হলে বদলে যায় তার জীবন। তার ছোট একটি রেস্তোরাঁ ধীরে ধীরে স্থানীয় সাধারণ মানুষ ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।
যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের সহমর্মিতা, মানবিকতা ও প্রতিকূলতা মোকাবিলার গল্প তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে চীনা খাবার ও রন্ধন ঐতিহ্য। ফলে ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের কাছেও গল্পটি সহজেই আবেদন তৈরি করেছে।
প্রিমিয়ার অনুষ্ঠানে চলচ্চিত্রে দেখানো কয়েকটি খাবারও পুনরায় তৈরি করা হয়। এর মাধ্যমে দর্শকেরা সিনেমার গল্পের পাশাপাশি চীনা খাবার ও সংস্কৃতির স্বাদ নেওয়ার সুযোগ পান।
আয়োজকদের মতে, চলচ্চিত্রটি শুধু যুদ্ধ ও মানবিকতার গল্প তুলে ধরেনি; একই সঙ্গে চীনা সংস্কৃতিকে পরিচিত করার এবং নিউজিল্যান্ড ও চীনের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
সূত্র: সিএমজি