নেপালের সীমান্ত এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ দুর্যোগে হতাহত ও নিখোঁজের ঘটনায় নেপালকে জরুরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে চীন। শনিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনালাপে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং ই বলেন, চীনের জরুরি নগদ সহায়তা ও মানবিক ত্রাণসহ সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে। কিছু ত্রাণসামগ্রী এরই মধ্যে কাঠমান্ডুতে পৌঁছেছে। দুর্যোগের পর চীনের দুই দল টানেল উদ্ধার বিশেষজ্ঞ ঘটনাস্থল ও কাঠমান্ডুতে পৌঁছেছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, উদ্ধারকাজে নেপালকে সহায়তার পাশাপাশি দুর্যোগকবলিত এলাকার স্যাটেলাইট ছবি, জলবিদ্যুৎ ও পানিপ্রবাহসংক্রান্ত তথ্য এবং উজানের বাধের হ্রদ নিয়ে আগাম সতর্কতামূলক তথ্য নেপালকে সরবরাহ করেছে চীন।
ওয়াং ই বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং উদ্ধার ও জরুরি তৎপরতায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নেপালে আটকে থাকা চীনা নাগরিকদের দেশে ফেরাতে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল চীনের দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দুর্যোগপরবর্তী পুনর্গঠন, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে নেপাল।
সূত্র: সিএমজি বাংলা