নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে দুর্গতদের জন্য জটিল উদ্ধার অভিযান জোরদারের জন্য চীনসহ প্রতিবেশী দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে নেপাল। শনিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এ তথ্য জানিয়েছেন।
গেল বুধবার নেপালের উঁচু অঞ্চলের একটি বিশাল হিমবাহ ধসে চীনের সঙ্গে দেশটির সীমান্তে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়। এতে সীমান্তের উভয় প্রান্তের বহু হতাহতের পাশাপাশি নিখোঁজ হন প্রায় তিন হাজার মানুষ।
নেপালি কর্মকর্তারা জানান, হিমবাহ ধসের ফলে বুধবার সকালে নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে রাসুয়া, নুয়াকোট ও ধাদিঙ—এই তিনটি জেলা ক্ষতিগ্রস্ত হয়।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খানাল বলেন, ‘আজ পর্যন্ত এই অঞ্চল থেকে ৪ হাজার ৪৫১ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮৭ জনেরও বেশি বিদেশি নাগরিক। এখন পর্যন্ত এলাকাটি থেকে ৬২৬ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে।’
তিনি আরও বলেন, দুর্যোগের প্রভাব নেপালের নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে এবং দেশের বেশিরভাগ অংশে পর্যটন কার্যক্রম স্বাভাবিক।
পুরো পরিস্থিতি নিয়ে তিনি জোর দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য নেপাল সরকার চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
সূত্র: সিএমজি বাংলা