মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় অতিরিক্ত ১৬০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে চীন সরকার।
মঙ্গলবার এক ঘোষণায় জানানো হয়, এই অর্থ বরাদ্দ দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয় এবং চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
নতুন এই তহবিলের মধ্যে ১১০ মিলিয়ন ইউয়ান যাবে আনহুই, হুনান, ছোংছিং ও কুইচৌ প্রদেশে বন্যা প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমে। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কার করা, উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।
অন্যদিকে, ৫০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে কুয়াংসি অঞ্চলে ভূমিকম্প পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে। এই অর্থ ব্যবহার করা হবে বাস্তুচ্যুত মানুষদের সহায়তা ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের কাজে।
চলতি বছরের মধ্য মে থেকে টানা ভারি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ চীনে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি কুয়াংসির লিউচৌ শহরে ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা মৌসুম চলাকালে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং জরুরি সহায়তা তহবিল আরও জোরদার করবে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি- সিনহুয়া।